গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্বালানি রূপান্তর নীতি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কক্ষে ‘কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪: ন্যায়সঙ্গত রূপান্তরের পথে’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।
গণবিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব ও ক্যাব যৌথভাবে সংলাপটি আয়োজন করে ।
সংলাপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা দেশের জ্বালানি নীতি, ন্যায়সঙ্গত রূপান্তর এবং এ প্রক্রিয়ায় যুবসমাজের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, টেকসই ও ন্যায়ভিত্তিক জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে হলে জ্বালানি খাতে কাঠামোগত সংস্কার অপরিহার্য। নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত উত্তরণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরী। পাশাপাশি জ্বালানি খাতে সিএবি’র ১৩ দফা দাবি, আমদানি নির্ভরতার ঝুঁকি ও এর অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা করা হয়। ন্যায়ভিত্তিক জ্বালানি খাত প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন ও জনসচেতনতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
সংলাপে আলোচনা করেন লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা, সাংবাদিক শুভ কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র রোদ্দুর ধর।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ড. মো. ফজলুল করিম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফুয়াদ হোসেন ও ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ তন্বী।
সংলাপে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি বিদিতা চৌধুরী।

মন্তব্য করুন