শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করার দায়ে এক মাছ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় ৮০ কেজি চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার নূরনগর রামচন্দ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
অভিযানকালে মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী ওজন বাড়ানোর উদ্দেশ্যে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।
এসময় ঘটনাস্থল থেকে জব্দ করা ৮০ কেজি চিংড়ি জনস্বার্থে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন জানান, খাদ্যে ভেজাল মিশ্রণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন