মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে সড়ক দখল করে চলছে রমরমা বালুর ব্যবসা।
অভিযোগ উঠেছে, স্থানীয় ব্যবসায়ী উৎপল দেবনাথ ও মামুন ১০ চাকার ভারী ট্রাকে বালু এনে সড়কের ওপরই আনলোড করছেন, এতে এ সড়কে চলাচলকারীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।
শনিবার (২৩ মে) বেলা ১১টার সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিগঞ্জ-বাঁশতলা সড়কের বিষ্ণুপুর চৌমাথা এলাকায় উৎপল দেবনাথ ও ব্যবসায়ী মামুন মিলে সড়কের পাশ দখল করে বালু ও ইটের ব্যবসা পরিচালনা করছেন। ১০ চাকার ভারী ট্রাক দিয়ে প্রকাশ্যে বালু আনলোড করায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার নিষেধ করা হলেও তারা কোনো কর্ণপাত করছেন না। বরং প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভারী যানবাহনের কারণে সড়কের বিভিন্ন অংশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে ব্যবসায়ী উৎপল দেবনাথের সঙ্গে কথা বলতে চাইলে তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করেন।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বারবার নিষেধ করার পরেও তারা শুনছে না।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় সাধারণ জনগণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন