বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুন ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

ডেস্ক রিপোর্ট: সবুজ পরিবহন ব্যবস্থায় রূপান্তরের সময় শ্রমিক, প্রান্তিক জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক খাতের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কাউকে পিছনে ফেলে কোনো রূপান্তর টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ।

মঙ্গলবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ইয়ুথনেট গ্লোবাল ও ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ইয়ুথ সামিট অন জাস্ট ট্রানজিশন অ্যান্ড সাসটেইনেবল আরবান মোবিলিটি ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে তরুণ নেতা, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, শ্রমিক প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়নকর্মী ও শিক্ষাবিদসহ প্রায় ১৫০ জন অংশ নেন।

তরুণ, শ্রমিক, সরকার ও বিশেষজ্ঞদের মধ্যে সংলাপের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর পরিবহনের পথ খুঁজে বের করাই ছিল এই সম্মেলনের লক্ষ্য।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুইডেন দূতাবাসের প্রতিনিধি, সরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ যখন জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নের পথে এগোচ্ছে এবং কপ-৩১-এর প্রস্তুতি নিচ্ছে, তখন টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এনডিসি ৩.০-তে ২০৩৫ সালের মধ্যে পরিবহন খাতে ২১ দশমিক ৭৭ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ বলেন, দ্রুত নগরায়ণ, যানজট, বায়ুদূষণ এবং নিরাপদ ও সাশ্রয়ী পরিবহনে অসম সুযোগ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সবুজ পরিবহনে রূপান্তরের জন্য বৈদ্যুতিক যানবাহন, পরিচ্ছন্ন জ্বালানি এবং উন্নত অবকাঠামো প্রয়োজন। দেশে ইতোমধ্যে বিপুলসংখ্যক বৈদ্যুতিক তিন চাকার যান চলাচল করছে। তবে এই পরিবর্তনকে টেকসই করতে নিরাপদ চার্জিং ব্যবস্থা, পরিচ্ছন্ন জ্বালানি এবং পরিবেশসম্মত ব্যাটারি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

“রূপান্তর তখনই সত্যিকার অর্থে সবুজ হবে, যখন তা নিরাপদ ও পরিচ্ছন্ন হবে,” বলেন তিনি। অনিরাপদ ব্যাটারি পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন।

নাভিদ সাফিউল্লাহ বলেন, টেকসই নগর পরিবহন শুধু যানবাহন বা অবকাঠামোর বিষয় নয়, এটি জনস্বাস্থ্য, সমতা ও সামাজিক ন্যায়ের সঙ্গেও সম্পর্কিত।

তিনি বলেন, “একজন নিম্নআয়ের শ্রমিক, একজন নারী বা প্রতিবন্ধী ব্যক্তি যদি নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সুবিধা না পান, তাহলে তাঁরা সুযোগ ও মর্যাদা থেকে বঞ্চিত হন।”

তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সবুজ রূপান্তরের জন্য পরিবহন শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, অনানুষ্ঠানিক খাতের কর্মীদের স্বীকৃতি এবং সবার জন্য নিরাপদ ও সহজলভ্য পরিবহন নিশ্চিত করতে হবে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস বলেন, জলবায়ু পরিবর্তন ও নগর পরিবহনের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদারত্বমূলক সংলাপ ও সহযোগিতা প্রয়োজন।

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, বাংলাদেশের জলবায়ু ও পরিবহন নীতিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে ন্যায়ভিত্তিক ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হলে তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ার অংশীদার করতে হবে।

মূল বক্তব্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান বলেন, কম কার্বন নির্ভর, জলবায়ু সহনশীল ও সমতাভিত্তিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, টেকসই নগর পরিবহন ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে হলে পরিবেশ, অর্থনীতি ও সামাজিক ন্যায়ের বিষয়গুলোকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে।

‘আরবান রেজিলিয়েন্স, গভর্ন্যান্স অ্যান্ড গ্রিন ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক প্যানেল আলোচনা সঞ্চালনা করেন গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কাউন্সিলের (জিএসসিসি) বাংলাদেশ লিড ফারাহ আনজুম।

আলোচনায় অংশ নেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমাদ কামরুজ্জামান মজুমদার, জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য ফারজানা ফারুক ঝুমু এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনায় বায়ুদূষণ, গণপরিবহন সংস্কার, সবুজ অবকাঠামো, শ্রম অধিকার, জলবায়ু সহনশীলতা এবং পরিবহন খাতের কর্মীদের সুরক্ষার বিষয়গুলো উঠে আসে।

সম্মেলনে তরুণদের উদ্ভাবন তুলে ধরতে সবুজ পরিবহন বিষয়ক প্রদর্শনী স্টল এবং বাংলাদেশের আট বিভাগের সংস্কৃতি ও টেকসই উন্নয়ন ভাবনা উপস্থাপন করা হয়।

মাকাটিমের প্রতিষ্ঠাতা আমির হামজা জিহাদের পরিচালনায় ‘গ্রিন সিটি ল্যাব’-এ গেমভিত্তিক শেখার মাধ্যমে তরুণেরা ভবিষ্যতের সবুজ নগর ও টেকসই পরিবহন ব্যবস্থার সমাধান নিয়ে কাজ করেন।

ইয়ুথনেট গ্লোবালের উপনির্বাহী সমন্বয়ক আরুবা ফারুকের পরিচালনায় ‘ইয়ুথ পলিসি ল্যাব’-এ তরুণ, পরিবহন শ্রমিক ও বিভিন্ন অংশীজন যৌথভাবে টেকসই নগর পরিবহন, শ্রম অধিকার ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে নীতিগত সুপারিশ তৈরি করেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশের নগর পরিবহন খাত এখনো যানজট, বায়ুদূষণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার মতো সমস্যার মুখোমুখি।

তাঁরা সতর্ক করে বলেন, পরিবহন খাতের কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগে নিম্নআয়ের যাত্রী, অনানুষ্ঠানিক পরিবহন শ্রমিক, নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়গুলো বিবেচনায় না নিলে বৈষম্য আরও বাড়তে পারে।

সম্মেলনের শেষ অধিবেশনে তরুণদের পক্ষ থেকে নীতিগত সুপারিশ গ্রহণ করা হয়। এতে পরিচ্ছন্ন গণপরিবহন, শ্রমিক সুরক্ষা, সবুজ কর্মসংস্থান, উন্নত বায়ুমান, অন্তর্ভুক্তিমূলক চলাচল ব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, তরুণদের তৈরি এসব সুপারিশ এনডিসি ৩.০ বাস্তবায়ন ও কপ-৩১–পূর্ব জলবায়ু আলোচনায় নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

No one should be left behind in green transition: Navid Safiullah

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

১০

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১১

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

১২

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৩

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

১৪

পবিত্র আশুরা ২৬ জুন

১৫

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

১৬

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

১৭

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

১৮

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১৯

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

২০