
আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ বিমানবন্দর ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সংঘটিত এ হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)।
স্থানীয় বাসিন্দাদের বরাতে বিবিসি জানিয়েছে, ফজরের নামাজের কিছুক্ষণ পরই বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এতে রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী লাওয়ালি সালহা জানান, ভোর প্রায় ৫টা ৫০ মিনিটে নামাজ শেষ করার পরপরই একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথমে তারা সেটিকে ছোটখাটো কোনো দুর্ঘটনা বলে মনে করলেও পরে বড় ধরনের হামলার বিষয়টি স্পষ্ট হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২২ হামলাকারী নিহত হয়। এছাড়া চারজন আহত এবং ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক, যোগাযোগ সরঞ্জাম এবং হাজার হাজার রাউন্ড গুলি।
হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর পালিয়ে যাওয়া হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করেছিল। ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ কারণে অনেক বাসিন্দা নিজেদের নিরাপত্তার জন্য সতর্ক অবস্থান নেন।
হামলার পর বিমানবন্দরসংলগ্ন এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় প্রবেশ ও বের হওয়ার সব পথ নিয়ন্ত্রণে নেওয়া হয়। যানবাহন ও যাত্রীদের কঠোর তল্লাশির মুখোমুখি হতে হয়।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নাইজারের নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন।
ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। এটি দেশের প্রধান বেসামরিক বিমানবন্দর হওয়ার পাশাপাশি একটি সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়া সাহেল রাষ্ট্রগুলোর জোট-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও এ এলাকায় অবস্থিত।
নাইজার, মালি ও বুরকিনা ফাসোকে নিয়ে গঠিত সাহেল রাষ্ট্রগুলোর জোট বর্তমানে সামরিক সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। দীর্ঘদিনের জঙ্গি সহিংসতা দমনে ব্যর্থতার প্রেক্ষাপটে এসব দেশে সামরিক সরকার ক্ষমতায় আসে।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন