
ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে নতুন চালু হওয়া হাইড্রেশন বিরতি ম্যাচের স্বাভাবিক ছন্দ ভেঙে দিচ্ছে এবং এতে তুলনামূলক দুর্বল দলগুলো বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্থানীয় সময় রোববার (২১ জুন) সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বর্তমান ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই কঠিন। এর সঙ্গে গরম আবহাওয়া এবং বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি ম্যাচের গতিপ্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।
স্কালোনি বলেন, “সহজ কোনো ম্যাচ নেই, বিশেষ করে গ্রুপ পর্বে। ইতিহাসও সেটাই বলে। এখন ৪৮ দলের ফরম্যাটে প্রতিটি ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এর সঙ্গে গরম আবহাওয়া ও হাইড্রেশন বিরতি যোগ হয়েছে। খেলা বারবার থেমে যাচ্ছে। এতে হয়তো দুর্বল দলগুলো কিছুটা সুবিধা পাচ্ছে, কারণ তারা নিজেদের ভুলগুলো ঠিক করার সময় পাচ্ছে।”
তিনি আরও বলেন, “খেলার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। এখন ম্যাচটা যেন চারটি আলাদা অংশে বিভক্ত হয়ে গেছে। বিরতির কারণে কোচদের কৌশল বদলানোর সুযোগ বাড়ছে, তবে ম্যাচের স্বাভাবিক প্রবাহ ভেঙে যাচ্ছে।”
খেলোয়াড়দের সুরক্ষার কথা বিবেচনা করে এবারের বিশ্বকাপে প্রতিটি অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের হাইড্রেশন বিরতি চালু করেছে ফিফা। আবহাওয়া যেমনই হোক, সব ম্যাচেই এই বিরতি দেওয়া হচ্ছে।
স্কালোনির মতে, নতুন এই নিয়মে কোচদের কাজের ধরনও বদলে গেছে।
“চার পর্বের ধারণাটা এখন বাস্তব। খেলোয়াড়রা ড্রেসিংরুমে ঢোকা ও মাঠে ফেরার সময় বাদ দিলে বিরতিতে তাদের সঙ্গে কথা বলার জন্য মাত্র সাড়ে তিন মিনিট সময় পাই। ফলে ম্যাচ চলাকালীন হাইড্রেশন বিরতিগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে,” বলেন তিনি।
তবে পরে নিজের বক্তব্য কিছুটা ব্যাখ্যা করে আর্জেন্টাইন কোচ বলেন, শুধু দুর্বল দলই নয়, শক্তিশালী ও আক্রমণাত্মক দলও এই বিরতি থেকে সুবিধা নিতে পারে।
“হয়তো আমি ভুলভাবে বলেছি যে এটি শুধু দুর্বল দলকে সাহায্য করে। আক্রমণাত্মক দলও নিজেদের ভুল সংশোধনের সুযোগ পায়। তবে এখনও বিষয়টি অস্বাভাবিক মনে হয়, কারণ খেলার ধারাবাহিকতা বারবার ভেঙে যাচ্ছে। সময়ের সঙ্গে এটি স্বাভাবিক হয়ে যাবে বলে আমি মনে করি।”
এদিকে কিছু স্টেডিয়ামে দর্শকদের একটি অংশ হাইড্রেশন বিরতির সময় অসন্তোষ প্রকাশ করে দুয়ো দিচ্ছেন। তাদের মতে, সব ভেন্যুর আবহাওয়া এতটা গরম নয় যে প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক বিরতির প্রয়োজন রয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। সোমবার ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নির্ধারণে ম্যাচটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এক লড়াই।
মন্তব্য করুন