
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি, মাদক কারবারী ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে জিয়াউর রহমান জিয়াসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দহাকুলা বায়তুর মামুর জামে মসজিদের ইমাম মাওলানা ফজলে রাব্বী, মোঃ আজমল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ল কলেজ স্টুডেন্ট ফোরামের সেক্রেটারি মোঃ আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইনছাপ আলী, সাবেক ইউপি সদস্য মোঃ হাতেম আলী প্রমুখ।
মানববন্ধনে মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, ফাহিম, হাফিজুল ও ফারুককে অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এতে বক্তারা বলেন, গত ৯ সেপ্টেম্বর বিকালে ব্রহ্মরাজপুর বাজারে প্রকাশ্যে মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্থানীয় জাকির হোসেন ও আব্দুল কাদেরের উপর জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। হামলার শিকার হয়ে আহত ব্যক্তিরা মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বক্তারা আরো বলেন, দহাকুলা গ্রামের আজিমুদ্দিনের ছেলে চিহ্নিত মাদক কারবারী জিয়া, তার ভাই হাফিজুল এবং জিয়ার দুই ছেলে ফাহিম ও নাঈম দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। বিগত সরকারের আমলে হামলাকারী মাদক ব্যবসায়ী জিয়া ছিল পুলিশের দালাল, পট পরিবর্তনের পর সে জিয়া ফাউন্ডেশন এর পরিচয় ব্যবহার করে সরকারি সম্পদ ও জিয়া ফাউন্ডেশনের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে অবৈধভাবে ভোগ করছে। সে এলাকায় বলে বেড়ায়- সে জিয়া ফাউন্ডেশন থেকে ভাতা পায়। জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী ধুলিহর বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধ চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে। তার বিরুদ্ধে সুইপার সম্প্রদায়ের স্ত্রীকে জোরপূর্বক অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন এবং এলাকায় একাধিক নারীকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির প্রমাণও রয়েছে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রাশিদুল ইসলাম।
মন্তব্য করুন