
ডেস্ক রিপোর্ট: বাক স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সোস্যাল মিডিয়ায় মানুষের চরিত্র হনন ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ করার দাবি উঠছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দমনের পথে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাঁড়ালে তা বিবেচনায় নেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় অপরাধীদের ছাড় পাওয়ার কারণ হতে পারে না।
জ্বালানি ও সারের সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশে সোলারের ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো সম্ভব হলে জ্বালানি সংকট অনেকটাই সমাধান করা সম্ভব হবে।
আইনমন্ত্রী বলেন, আমাদের এখানে একটা প্রবল সংকট দেখা দিল কয়েকটা জায়গায়। একটা হলো ইলেকট্রিসিটি, একটা হলো গ্যাস, তেল এবং ফার্টিলাইজার। এগুলো জনগণের সবচেয়ে প্রয়োজনীয়, প্রত্যেকের নিত্যদিনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তিনি বলেন, এই সংকট উত্তরণের জন্য সরকার যা কিছু করা সম্ভব, প্রায় সবকিছু করার চেষ্টা করেছে।
সারের সংকটের প্রসঙ্গ তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ বেলারুশ, তিউনিশিয়া, সৌদি আরব ও মরক্কো থেকে জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) চুক্তির আওতায় সার আমদানি করে। এসব দেশ থেকে সার আনতে হরমুজ প্রণালী অতিক্রম করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পথে সার আনা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, সংকট মোকাবিলায় যে গ্যাস আমরা ১০ ডলারে কিনতাম, সেই গ্যাস ২৭ ডলার পর্যন্ত আমরা কিনতে বাধ্য হয়েছি।
তেল সংকটের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সৌদি আরব, ইরানসহ বিভিন্ন দেশ থেকে যে তেল আমদানি করতে হতো, ইরান যুদ্ধের কারণে তা আনা সম্ভব হচ্ছিল না। এ পরিস্থিতিতেও সরকার বিকল্প উপায়ে সংকট মোকাবিলার চেষ্টা করেছে।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, যারা নিজেদের বাড়ি বা প্রতিষ্ঠানে সোলার সিস্টেম ব্যবহার করবেন, তাদের জন্য সোলার সিস্টেমের ওপর কর বন্ধ করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের ওপর চাপ কমানোর পাশাপাশি আমদানি-নির্ভরতা কমানোর চেষ্টা করা হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন করতে গেলে গ্যাস লাগছে, তেল লাগছে। আর তেল-গ্যাস আনতে গেলে আমাকে ইমপোর্ট করতে হচ্ছে। সেই চাহিদা পূরণের জন্য সবার আগে আমরা সোলার কর্মসূচি হাতে নিয়েছি।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে বাংলাদেশে যদি আমরা সোলার ডেভেলপ ঘটাতে পারি, আমাদের এই সংকট ইনশাআল্লাহ অচিরেই আমরা সমাধান করতে সক্ষম হবো।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা জেলার জন্য সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান সামছুজ্জামান।
এর আগে মন্ত্রী সকালে সাতক্ষীরা বিচারবিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এছাড়া বিকালে তার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের কথা রয়েছে।
মন্তব্য করুন