
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মোহাম্মদ লাবিব হোসেন (১০) ও তৃতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা (৮)। লাবিব বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে এবং উম্মে হাবিবা একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ে যাওয়ার আগে বাটকেখালী এলাকার গফুর সাহেবের পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায় শিশু লাবিব ও উম্মে হাবিবা। বেলা গড়ালেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় এক ব্যক্তি। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক পানিতে নেমে হাতড়ে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।
একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বাটকেখালী এলাকাসহ সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন