
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম সম্পাদক মো. ফেরদাউসুর রহমান। তিনি মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাব সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ফেরদাউসুর রহমান বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক নানা সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। এ কারণে তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগের মহারাজপুর ইউনিয়ন কমিটির যুগ্ম সম্পাদক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি কখনো কোনো রাজনৈতিক দায়িত্ব পালন করেননি। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। শিক্ষকতা পেশার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
এদিকে, উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা শাহিন আলম আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে চলাফেরা ও রাজনৈতিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। শাহিন আলম শ্রীরামপুর গ্রামের শহিদুজ্জামান শহিদের ছেলে।
সংবাদ সম্মেলনে শাহিন আলম বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। এ কারণে স্বেচ্ছায় রাজনৈতিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মন্তব্য করুন