
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মূলহোতা আছাফুর রহমান (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে।
দেবহাটা থানা পুলিশ জানায়, এসআই মো. ইব্রাহিম মোল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে খামারের মালিকের স্বজনদের জিম্মি করে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুটের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনে একটি মামলা গ্রহণ করে।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি মূলহোতা আছাফুর রহমানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন