
ডেস্ক রিপোর্ট: রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লা পিয়াস এই রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফিরোজ উদ্দিন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।
সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তুরাগ নদীর পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে।
পরে তার ট্রাউজারের পকেট থেকে একটি আইফোন ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত কে এম তাহসিফ সাউরি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, নিহত তাহসিফ সাউরির জুনিয়র ও সম্পর্কে বড় ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। পরে তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩০ অক্টোবর জিডির মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।
এমতাবস্থায় তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও শনাক্তকরণ, নিহতের মোবাইল ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের মূল স্থান নির্ধারণের জন্য অভিযুক্তকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। তাই তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মন্তব্য করুন