
ডেস্ক রিপোর্ট: বিভিন্ন কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে মোট ৭২২টি এনজিওর। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা (এনজিও) গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এ ব্যুরোর মাধ্যমে বৈদেশিক অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্প কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) অর্জনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এনজিও বিষয়ক ব্যুরো বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয় করছে।
এনজিও বিষয়ক ব্যুরো নিজস্ব এবং সরকারের বিধিবিধানের আওতায় নতুন এনজিওর নিবন্ধন প্রদান, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থছাড়, এনজিওগুলোর প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও তদারকিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা এনজিওর সংখ্যা মোট ৭২২টি। বিভিন্ন কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়।
নিবন্ধন বাতিলের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে-নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা ও ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিল করা।

মন্তব্য করুন