
ডেস্ক রিপোর্ট: মুশফিকুর রহিমের টেস্ট বিদায়কে কেবল একটি ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্টকে মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় উদযাপনে পরিণত করার পরিকল্পনা করছে বোর্ড।
তার অবদান ও অর্জনকে সামনে রেখে বড় আয়োজনের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
একই সঙ্গে টেস্ট শুরু হওয়া পর্যন্ত মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের মধুর স্মৃতিগুলো সামনে আনার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি।
বোর্ড সভা শেষে মুশফিকের অবসরের ঘোষণা দেওয়ার পাশাপাশি তার বিদায়ী আয়োজন নিয়েও কথা বলেন তামিম। বিসিবি সভাপতির কথায়, মুশফিকের জন্য বিশেষ কিছু আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের।
সময়ের সঙ্গে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে এখন থেকেই এই বিদায়কে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় উদযাপনের আয়োজন করবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় থাকবে, আপনারা তা দেখতে ও জানতে পারবেন। সত্যি বলতে, ওর মতো একজন মানসম্পন্ন ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে, দুঃখ হচ্ছে। তবে আসুন, এই টেস্ট ম্যাচটিকে একটি স্মরণীয় আয়োজনে পরিণত করি।’
মুশফিকের বিদায়কে ঘিরে শুধু বিসিবি নয়, গণমাধ্যমকেও পাশে চান সভাপতি। তার অনুরোধ, এখন থেকে প্রথম টেস্ট শুরু হওয়ার আগ পর্যন্ত মুশফিকের ক্যারিয়ারের সাফল্য, অর্জন ও স্মরণীয় মুহূর্তগুলো সামনে আনা হোক। দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা কিংবা হতাশার মুহূর্ত থাকলেও সেসবের বাইরে গিয়ে বাংলাদেশের ক্রিকেটে তার অবদানকে উদযাপন করতে চান তামিম।
একসময় মুশফিকের সতীর্থ হিসেবে খেলা তামিম আরও বলেন, ‘বিসিবির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি সব সাংবাদিককে অনুরোধ করব, এখন থেকে প্রথম টেস্ট পর্যন্ত আসুন আমরা মুশফিকের গড়া সব মধুর স্মৃতি ফিরিয়ে আনি। আমি নিশ্চিত, তার এই যাত্রায় কিছু হতাশা ছিল, সমালোচনা ছিল, সবকিছুই ছিল। কিন্তু সে যে বাংলাদেশ ক্রিকেটের একজন মহান সেবক, সেই সত্যটি বিবেচনায় নিয়ে আসুন আমরা একসঙ্গে তার ক্যারিয়ার উদযাপন করি।’
আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি ঘিরে মুশফিকের ভালো কাজ, অর্জন ও দেশের ক্রিকেটে তার অবদানই আলোচনায় রাখতে চান বিসিবি সভাপতি। এ ক্ষেত্রে গণমাধ্যমের পাশাপাশি টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমকেও একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন