
ডেস্ক রিপোর্ট: ‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলাকে হারিয়ে কালিগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আহবায়ক ইবাদুল হক খান, ব্রেকিং দ্য সাইলেন্স পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, টিডিএইচ ফাউন্ডেশন বাংলাদেশ কান্ট্রি অফিসের ম্যানেজার সুরোজিৎ কুণ্ডু, সাতক্ষীরা প্রোগ্রাম ম্যানেজার ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ।
টুর্নামেন্টে জেলার আটটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—সাতক্ষীরা সদর উপজেলা, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা পৌরসভা, তালা উপজেলা, দেবহাটা উপজেলা, কালিগঞ্জ উপজেলা, কলারোয়া উপজেলা ও শ্যামনগর উপজেলা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় কালিগঞ্জ উপজেলা দল ৩-৪ গোলে সাতক্ষীরা সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক তৈয়ব হাসান জানান, ফুটবলের উন্নয়ন, ক্রীড়াঙ্গনে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং রেফারিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন