
শ্যামনগর প্রতিনিধি: জলবায়ু অভিযোজন ও স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এই সংলাপের আয়োজন করে।
সংলাপে গ্রিন ক্লাইমেট অ্যাকশন টিম ও গ্রিন ক্লাইমেট ইয়ুথ ক্লাবের সদস্য, পরিবেশকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সংলাপে স্থানীয় মানুষের নানা সমস্যা ও চাহিদা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাট, বিদ্যালয়ের টয়লেট সংস্কার ও জলাবদ্ধতা নিরসন।
পাশাপাশি মুন্ডা, বনজীবী, দাস, জেলে ও কাহার সম্প্রদায়ের উপযুক্ত বিধবা ও বয়স্ক ব্যক্তিদের সরকারি ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার দাবি জানানো হয়।
অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নানা সংকটের মুখোমুখি। এসব মোকাবিলায় স্থানীয় মানুষের মতামত ও চাহিদার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, উত্থাপিত সব দাবি আমি নোট করছি। দাতিনাখালীর রাস্তার কাজের জন্য আগামী এক মাসের মধ্যে আইডি তৈরি করে দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
চেয়ারম্যান আরও বলেন, এ জন্য ইউনিয়ন পরিষদের সঙ্গে আপনাদের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে হবে। আপনাদের এই সংলাপ আমাদের আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তালিকা অনুযায়ী যোগ্য ব্যক্তিদের সরকারি বিভিন্ন সেবার আওতায় আনার চেষ্টা করা হবে।
অতিথি হিসেবে ছিলেন ইউপি সদস্য গাজী আব্দুর রউফ, মাহাতাব উদ্দিন সরকার, শহিদুল ইসলাম ও মোহাম্মদ আবিদ হাসান, সংরক্ষিত ইউপি সদস্য উমা রানী মল্লিক, সহকারী শিক্ষক বেণীমাধব মিস্ত্রি, কো-অর্ডিনেটর অলক কুমার পাল, বনজীবী নারী উন্নয়ন সংগঠনের পরিচালক শেফালী বিবি এবং কমিউনিটি অর্গানাইজার মনিকা সরকার ও হৈমন্তী রানী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সামস্-এর কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমান।
সংলাপ শেষে স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা ও দাবিগুলো ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত এবং দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন