
আলী আজীম, মোংলা (বাগেরহাট): শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তিনি বলেন, তার (শেখ হাসিনা) দ্বারাই সম্ভব দেশের উন্নয়ন। আর দ্বিতীয় কোনো ব্যক্তি বা দলের দ্বারা এমন উন্নয়ন সম্ভব নয়।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের খাসেরডাংগা মাধ্যমিক স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর দেখেছি দেশের কি অবস্থা করে রেখেছিল বিএনপি সরকার। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিল, বর্তমানে সেই ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে দেশের মানুষ। হাতে হাতে মেবাইল হয়েছে, ইন্টারনেট পেয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছে। মানুষ এখন আর না খেয়ে থাকে না। কৃষকদের পর্যাপ্ত কৃষি উপকরণ দেওয়া হচ্ছে।
এসময় তিনি ৭ জানুয়ারির নির্বাচনে দল মত নির্বিশেষে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
মিঠাখালি ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রিতীশ মন্ডর’র সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেনসহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন