
ডেস্ক রিপোর্ট: পবিত্র মাহে রমজানের রহমতপূর্ণ মুহূর্তে সাতক্ষীরার মানিকহার হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে চারজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।
শুক্রবার (৭ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাদের পাগড়ি প্রদান করেন অতিথিবৃন্দ।

পাগড়িপ্রাপ্ত নবীন হাফেজরা হলেন, মানিকহার গ্রামের হাফেজ আব্দুর রাকিব শেখ, খুলনার সেনহাটির হাফেজ মোহাম্মদ রাসেল খান, গড়েরডাঙ্গা গ্রামের হাফেজ মোহাম্মদ সোহেল তানভীর ও গড়েরডাঙ্গা গ্রামের হাফেজ মোহাম্মদ রকিবুল ইসলাম।
মানিকহার হিফ্জুল কুরআন মাদ্রাসায় অক্লান্ত পরিশ্রম করে কুরআন শিক্ষা প্রদান করেন ময়মনসিংহের খন্দকার মারুফ হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাসুদ রেজা বিন আজিজুর রহমান, মানিকহার হিফজুল কুরআন মাদ্রাসার সভাপতি মনিরুজ্জামান মল্লিক, মানিকহার গ্রামের কৃতি সন্তান এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামান, আমেরিকা প্রবাসী আব্দুল্লাহ আল মামুন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাওলানা ফজলুর রহমান, বেগম খালেদা জিয়া কলেজের শিক্ষক রুহুল কুদ্দুস, মানিকহার গ্রামের মেম্বর আব্দুর রউফ মল্লিক, মানিকহারের সাবেক মেম্বর মোহাম্মেল হোসেন, গড়েরডাঙ্গার সাবেক মেম্বর বাবলুর রহমান প্রমুখ।
তারা কুরআনের মর্যাদা, হাফেজদের দায়িত্ব ও ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সম্পূর্ণ বিনামূল্যে হিফজ শিক্ষা প্রদান করে আসছে। বর্তমানে মাদ্রাসাটিতে ৩০ জন ছাত্র পড়াশোনা করছে। এটি স্থানীয়দের দান ও সদকার মাধ্যমে পরিচালিত হয়।
মন্তব্য করুন