
ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ‘সুন্দরবন’। দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ভ্রমণে বনবিভাগ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
সুন্দরবন খুলনা রেঞ্জের পর্যটন স্পটগুলোর মধ্য অন্যতম হলো সুন্দরবনের শেখের টেক, কালাবগী ইকোট্যুরিযম কেন্দ্র, নির্মাণাধীন কেওড়াকাটা পর্যটন কেন্দ্র, শিবসা নদীর তীরে রাজা প্রতাপাদিত্যের প্রচীন দূর্গের ধ্বংসাবশেষ ও ৪০০ বছর আগের স্থাপনা, নীলকমল ও কাটকাটা পর্যটন স্পট।
পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে পর্যটন ব্যবসায় গতি ফিরবে বলে মনে করছেন
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের আতিথেয়তার পসরা সাজিয়ে অপেক্ষায় রয়েছেন তারা।
ঈদুল ফিতরের ছুটিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে ঘুরতে এরই মধ্যে লঞ্চ, বোট বুকিং দিয়েছেন অনেকে।
এদিকে, এবার প্রচুর পর্যটক ঘুরতে আসবেন এমন আশায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, এবার ঈদে লম্বা ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত হবে সুন্দরবন। এজন্য খুলনা রেঞ্জের কালাবগী ইকোট্যুরিজম কেন্দ্র, শেখের টেক ও নীলকমলে নলীয়ান ও কাশিয়াবাদ স্টেশন থেকে পারমিট নিতে হবে।
ভ্রমণ পিপাসু সুন্দরবন উপকূল ও সুরক্ষা বলয় কমিটির সভাপতি এম আনোয়ার হোসেন জানান, তাঁরা এবার ঈদে সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে কেওড়াকাটা পর্যটন কেন্দ্র ও কাটকাটা লঞ্চঘাট থেকে খুব কম সময়ে একদিনের জন্য সুন্দরবনের শেখের টেক, শিবসা নদীর তীরে রাজা প্রতাপদিত্যের প্রচীন দূর্গের ধ্বংসাবাশেষ, গহীন সুন্দরবনের শেখের খাল ও বনের মধ্যে ৪০০ বছরের পুরনো স্থাপনা ও সুন্দরবনের নৈসার্গিক দৃশ্য উপভোগ করবেন। তিনি আরও বলেন, খুলনা জেলা শহর থেকে এসে চুকনগর-পাইকগাছা হয়ে কয়রা থেকে খুব কম সময়ে সুন্দরবন ভ্রমণ করা যায়। কয়রায় নির্মাণাধীন একমাত্র পর্যটন স্পট কেওড়াকাটা পর্যটন কেন্দ্রের কাজ শেষ হলে এই অঞ্চলে পর্যটন শিল্পের দার উন্মোচিত হবে।
অপরদিকে এলাকাবাসী ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন আইসিডি’র দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কয়রা সদর থেকে ৬ কিলোমিটার দূরে ৬নং কয়রা গ্রামে প্রস্তাবিত কেওড়াকাটা পর্যটন কেন্দ্রের কাজ ইতোমধ্যে চলমান আছে। এই পর্যটন স্পটের গাঁ ঘেঁসে গড়ে উঠা ক্ষুদ্র নৃতাত্ত্বিক (আদিবাসী) সম্প্রদায়ের কালচার সম্পর্কে জানতে পারবে মানুষ।
সরেজমিন সুন্দরবন সংলগ্ন কয়রার কাটকাটা এলাকায় গিয়ে দেখা যায়, নদীর তীরে গড়ে ওঠা ম্যানগ্রোভ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ঈদকে সামনে রেখে সাজসজ্জার কাজ চলছে। প্রতিষ্ঠানটির পরিচালক জাহিদ হাসান বলেন, ঈদকে সামনে রেখে আমরা রেস্টুরেন্ট পরিষ্কার পরিছন্ন করছি। আশা করছি অন্য বারের তুলনায় এবার অনেক বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণে আসবেন।
কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেক বলেন, দেশের সর্ব দক্ষিণে খুলনার কয়রায় পর্যটন শিল্পের অপর সম্ভাপনা থাকলেও যোগাযোগ ব্যবস্থা ও প্রচার প্রচারণায় পিছিয়ে থাকার কারণে পর্যটকরা জানে না যে এই অঞ্চল দিয়ে খুব সহজে সুন্দরবন ভ্রমণ করা যায়। কিন্তু পর্যায়ক্রমে সেটা জনপ্রিয় হয়ে উঠেছে। খুলনা জেলা শহর থেকে পর্যটকরা মাত্র চার ঘণ্টায় কয়রার সম্ভাবনাময় পর্যটন স্পটগুলোতে পৌঁছাতে পারবে। তবে যাতায়াত ব্যবস্থা উন্নত ও ভালো মানের হোটেল এবং আবাসিক হোটেল স্থাপন করা গেলে পর্যটকের সাড়া পড়বে। পাশাপাশি যদি কাটকাটা থেকে সরাসরি বাস (গেটলক) সার্ভিস চালু করা যায় তাহলে আরো কম সময়ে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন।
স্থানীয় পর্যটন ব্যবসায়ী শেখ রিপন বলেন, এবার ঈদের ছুটিতে ইতোমধ্যে তাদের স্পিড বোট ও ট্রলার বুকিং হয়ে গেছে। যারা বুকিং দিয়েছেন তারা সুন্দরবন দেখার অপেক্ষায় আছেন। ভ্রমণ পিপাসুদের আগ্রহ দেখে তিনি আরও বলেন অন্যান্য বারের তুলনায় এবার সুন্দরবনে বেশি পর্যটক আসবে।
কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জি এম ইমদাদুল হক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। টহল ফাঁড়ি গুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ শেষে বাড়িতে ফিরতে পারেন।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষা ও পর্যটকদের জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য বন কর্মকর্তা ও বনরক্ষীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে সার্বক্ষণিক টহল জোরদার করতে বলা হয়েছে। আশা করছি, এবার সুন্দরবনে বেশি পর্যটক আসবে এবং দ্বিগুণ রাজস্ব আয় হবে।
মন্তব্য করুন