
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার লস্করের আলমতলা এলাকায় তীব্র লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার আলমতলা চরমসজিদ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ‘অযৌক্তিক বিল মানি না, নির্বিঘ্ন বিদ্যুৎ চাই’ এমন নানা স্লোগান দেন এলাকাবাসী।
স্থানীয় শ্রমিকনেতা স ম আহসান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী এস এম শামসুর রহমান, মাও. আশিকুজ্জামান আশিকী, জি এম নুরুল ইসলাম প্রমুখ। এতে ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে উপজেলার লস্করের আলমতলা ও পার্শ্ববর্তী এলাকায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকছে না, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। একদিকে অসহ্য গরম, অন্যদিকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতিষ্ঠ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুতের অভাবে রাতে পড়াশোনা করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
এছাড়া মানববন্ধনে ভূতুড়ে বিল নিয়ে প্রতিবাদ করেন বক্তারা। তাদের দাবি প্রকৃত ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। সাধারণ আয়ের মানুষ এই অস্বাভাবিক বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যুৎ অফিসের গাফিলতি এবং সঠিক তদারকির অভাবেই গ্রাহকদের এই বাড়তি বোঝার ভার বইতে হচ্ছে।
মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে লোডশেডিং কমিয়ে আনা ও বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে পুনঃনির্ধারণের জোর দাবি জানান।
মন্তব্য করুন