
ডেস্ক রিপোর্ট: চ্যাম্পিয়ন হয়ে নারী ভলিবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সাতক্ষীরা জেলা। রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে ৩-০ সেটে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।
প্রথম দুই সেটে একচেটিয়া আধিপত্য ছিল সাতক্ষীরার। ২৫-১৬ ও ২৫-১৫ পয়েন্টে জয় তুলে নেয় তারা। তৃতীয় সেটে রাজশাহী প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুললেও শেষ রক্ষা হয়নি। ২৫-২৩ পয়েন্টে সেট ও ম্যাচ জিতে নেয় সাতক্ষীরা জেলা দল।
১২টি দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ‘ঘ’ গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে সাতক্ষীরা। অন্য তিন গ্রুপ থেকে উঠে আসে রাজশাহী, চট্টগ্রাম ও যশোর। সেমিফাইনালে সাতক্ষীরা ৩-০ সেটে চট্টগ্রামকে এবং রাজশাহী একই ব্যবধানে যশোরকে হারিয়ে ফাইনালে ওঠে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম ৩-০ সেটে হারায় যশোরকে।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মো. মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম এবং উপ-কমিটির সম্পাদক মো. আমিরুল হোসেন আপন।

মন্তব্য করুন