
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ঔষধসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়া ও ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপি’র একটি দল পদ্মশাখরা মাঠ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের এবং তলুইগাছা বিওপির একটি দল কেড়াগাছি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির পৃথক দুটি দল কাঁদপুর ও গোয়ালপাড়া নামক স্থান থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি, মাদরা বিওপি’র একটি দল বড়ালী আমবাগান থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকাডাঙ্গা বিওপি’র একটি দল গেড়াখালী থেকে ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, হিজলদী বিওপি’র একটি দল গোবরপোতা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ব্যাটালিয়ন সদর এর একটি দল কাঁদপুর আমবাগান থেকে ১ লক্ষ ২ হাজার টাকা মূল্যের ভারতীয় ক্রিম জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লক্ষ ৬২ হাজার টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করে আনার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন