
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে পুকুর খননের আড়ালে এক হতদরিদ্র পরিবারকে উচ্ছেদের চক্রান্তের অভিযোগে এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, শহিদুল ইসলাম নামে এক দিনমজুরের বসতভিটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
অভিযোগ, স্থানীয় মান্নান গাজী ও তার ছেলে মাহবুব গাজী পরিকল্পিতভাবে ভেকু মেশিন চালিয়ে দিনমজুর শহিদুলের ঘর পুকুরে ফেলে দিয়েছেন।
ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, দিনের পর দিন আমার ঘরের একদম লাগোয়া জায়গায় মাটি কাটছিল। একপর্যায়ে ঘরের একাংশ ধসে পড়ে পুকুরে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।
এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয়রা। তারা জানান, বিষয়টি নিয়ে বারবার স্থানীয় মেম্বার, চেয়ারম্যানসহ গণ্যমান্যদের মাধ্যমে অভিযুক্তদের খননকাজ বন্ধে বলা হলেও তারা কর্ণপাত করেনি।
পরিস্থিতি আঁচ করতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে সাময়িকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন।
স্থানীয়দের দাবি, নির্দেশ অমান্য করে আবারও ভেকু এনে খননকাজ চালাচ্ছে তারা।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এটি বেআইনি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। দোষীদের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
অন্যদিকে, অভিযুক্তরা নিজেদের জমির কথা বললেও এখন পর্যন্ত কোনো দলিলপত্র বা বৈধ কাগজ দেখাতে পারেনি।
এলাকাবাসীর জোর দাবি অবিলম্বে এই অন্যায় কাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।
মন্তব্য করুন