
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় এবার মধু সংগ্রহের জন্য স্থাপিত ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট মৌচাষীর। এ ঘটনায় কলারোয়া থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মৌচাষী মোঃ জাহাঙ্গীর আলম।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর তিনি ট্রাকে করে ২৮০টি মৌ বাক্স এনে মধু সংগ্রহের জন্য কলারোয়া উপজেলার মীরডাঙ্গা গ্রামের ইমামুল ইসলামের আম বাগানে স্থাপন করেন। তিনি নিজেই মৌবাক্সগুলো দেখাশোনা করেন। গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা পর্যন্ত তিনি তার মৌমাছির বাক্সগুলো পাহারা দেন। এরপরে ঘুমাতে যান। পরদিন সকাল ৬টার দিকে ঘুম উঠে তিনি দেখেন তার ২৮০টি মৌবাক্সরে মধ্যে ২৬০টি মৌবাক্স বাগানের পাশের দুটি পুকুরে মৌমাছিসহ ফেলে দেওয়া হয়েছে। এতে তার মৌবাক্সগুলোতে থাকা রানী মৌমাছিসহ লাখ লাখ মৌমাছি মরে যায়। এতে সর্বশান্ত হয়ে পড়েছেন তিনি।
মৌচাষী মোঃ জাহাঙ্গীর আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মৌমাছিগুলো হত্যা ও মৌবাক্সগুলো নষ্ট করে দেওয়ায় আমার সব শেষ হয়ে গেছে। এখানে আমরা প্রতিবছরই আসি। এবারই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো।
কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কলারোয়ায় গত বছর ২৬ নভেম্বর বিষ দিয়ে এক মৌচাষীর লাখ লাখ মৌমাছি হত্যার ঘটনা ঘটেছিল।
মন্তব্য করুন