
মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ, গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদের সঞ্চালনায় ও কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে গবি শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আন্দোলনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা সংকট এবং লড়াইয়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। এসময় জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়া ৯জন শিক্ষার্থীকে সম্মাননা ও উত্তরীয় প্রদান করেন প্রধান অতিথি।
এসময় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘জুলাই আন্দোলনে গবি শিক্ষার্থীদের স্মৃতি এবং অভিজ্ঞতা শুনে আপ্লুত হয়েছি। পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, লাঠিপেটা করেছে—তা সহ্য করা কঠিন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা শুনে বলা যায় এই আন্দোলন কেবল তাৎক্ষণিক কোনো ক্ষোভ নয়, বরং এটা একটি চিন্তাশীল, আদর্শ নির্ভর প্রতিবাদ। রাজপথে শিক্ষার্থীদের অকুতোভয় এবং সংগ্রাম প্রমাণ করে তাদের শিক্ষা, চেতনা ও সাহস সবকিছুতেই ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শের প্রতিফলন।
তিনি আরও বলেন, আমরা ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। এই কাঠামোর বিরুদ্ধে লড়াইটা আমাদের সবার। আমাদের সাথে পুরো বিশ্ব জড়িয়ে আছে। আমাদের আন্তর্জাতিক রাজনীতি, প্রতিবেশী রাষ্ট্র, সাম্রাজ্যবাদ—সবকিছুর প্রতি সতর্ক থাকতে হবে। সামনের দিনগুলো হয়তো আরও কঠিন হতে পারে। আমরা একসঙ্গে নতুন একটি বাংলাদেশ গড়ব।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিলো তখন তাদের পাশে সর্বপ্রথম দাড়ায় আমাদের শিক্ষার্থীরা। অন্যায়ের বিরুদ্ধে গবি শিক্ষার্থীরা সর্বদাই সোচ্চার। ভবিষ্যতেও তাদের এ লড়াই জারি থাকবে বলে আশাকরি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের প্রবেশদ্বার সংলগ্ন শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ করার বিষয়ে ট্রাস্টি বোর্ডের কাছে জানানো হবে। গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণ পুরুষ ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শ, দর্শন এবং লক্ষ বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই আন্দোলনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এ-সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন