ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর কবিরসহ তিন জনকে কুপিয়ে জখম করার অভিযোগে গণঅধিকার পরিষদের নেতা পরিচয়দারকারী হাসানুর রহমান হাসানসহ ১০ জনের নামের উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
রবিবার সকালে আহত শাহিনুর কবিরের পিতা মোঃ লিয়াকত আলী গাজী বাদী হয়ে পাটকেলঘাটা থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে শনিবার সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এদিকে, এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দল।
মামলার আসামিরা হলেন, তৈলকুপি গ্রামের মোঃ মোসলেম সরদারের ছেলে গণঅধিকার পরিষদের নেতা পরিচয়দানকারী হাসানুর রহমান হাসান ও মিজানুর রহমান মিজান, একই এলাকার মৃত লোকমান বিশ^াসের ছেলে মোফাজ্জেল বিশ^াস, মোকছেদ সরদারে ছেলে হেল্লাল সরদার, মৃত নাজের গাজীর ছেলে জিয়ারুল গাজী, যুগিপুকুর এলাকার মোমিনের ছেলে রবিউল ইসলাম, মাতব্বর সরদারের ছেলে মোসলেম সরদার ও মোকছেদ সরদার, তৈলকুপি গ্রামের রেজাউল সরদারের ছেলে আল আমিন ও আল মামুন।
আহতরা হলেন, তৈলকুপি গ্রামের লিয়াকত আলী গাজীর ছেলে সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর কবির, শাহিনুরের ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জমি জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় শাহিনুর কবিরকে লোহার রড, হাতুড়ি, দা, জিআই পাইপ ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হাসানসহ তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সদস্যরা বেদম মারপিট করে। এসময় শাহিনুর একটি দোকানে আশ্রয় নিলে তারা শাটার ভেঙে তাঁকে আবারও বেধড়ক মারধর করে। এ সময় তার ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা ছুটে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে সাইফুল্লাহ গুরুতর জখম হন এবং তার শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়। এসময় তারা পারুল সুলতানাকেও পিটিয়ে জখম করে। হামলাকারীরা শাহিনুরের মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। একপর্যায়ে আশপাশের লোকজন তাদের রক্ষার্থে এগিয়ে এলে তারা তাদেরও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
শাহিনুর অভিযোগ করে বলেন, ২০২৩ সালে বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে র্যাবের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করান এই হাসান। সে সময় দীর্ঘদিন জেল খাটতে হয় তাঁকে। এছাড়া বিভিন্ন সময়ে সরকারি প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন হাসান।
এ ব্যাপারে জানতে চাইলে হাসানুর রহমান হাসান বলেন, জমির কাগজ আমাদের রয়েছে, কিন্তু তারা জোর করে দখল করে রেখেছে। আইন হাতে তুলে মারধর করার মতো ঘটনা ঘটানো ঠিক হয়েছে কি না? এমন প্রশ্ন করলে তিনি সেটা এড়িয়ে যান।
এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান বলেন, হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলামান রয়েছে।
মন্তব্য করুন