বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত, বিশেষ করে সাতক্ষীরার দীর্ঘ সীমান্ত মানব পাচার ও পুশ-ইনের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, অজ্ঞতা এবং সীমান্তজুড়ে নজরদারির দুর্বলতাকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী পাচারকারী চক্র বছরের পর বছর ধরে সক্রিয় রয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে নতুন করে দেখা দিয়েছে পুশ-ইন, যা শুধু মানবাধিকারই নয়, বরং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি বড় প্রশ্ন।
ভারতের সাথে সাতক্ষীরার সীমান্ত ২০৩ কিলোমিটার, এর মধ্যে ৩৬ কিলোমিটার স্থলপথ ও ১৬৭ কিলোমিটার নদীপথ।
এই দীর্ঘ সীমান্ত পাহারায় রয়েছে বিজিবির তিনটি ব্যাটালিয়ন, এর মধ্যে একটি নৌ ব্যাটালিয়নও আছে। কিন্তু এত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও মানব পাচার কার্যত থামানো যাচ্ছে না। পাচারকারীরা নানা কৌশল অবলম্বন করছে, কখনও গোপন টানেল বা বনপথ, আবার কখনও নদীপথ ব্যবহার করছে। ভুক্তভোগীদের বেশিরভাগই গরিব ও অসহায় নারী, কিশোরী কিংবা শ্রমিকশ্রেণীর মানুষ, যারা উন্নত জীবনের আশায় দালালদের ফাঁদে পা দেন।
পাচারের শিকার হয়ে নারী ও শিশুরা ভারতে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। কেউ বাধ্য হন অবৈধ শ্রমে, কেউ বাধ্য হন পতিতাবৃত্তিতে। একবার যারা পাচারের শিকার হন, তাদের বেশিরভাগেরই আর ঘরে ফেরা হয় না। ফিরলেও সমাজ তাদের হেয় দৃষ্টিতে দেখে। মানব পাচার তাই শুধু একটি অপরাধ নয়, এটি সামাজিক ও মানবিক ট্র্যাজেডি।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে সীমান্তে ‘পুশ-ইন’-এর প্রবণতা নতুন উদ্বেগ তৈরি করেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক করে নানা সময়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠালেও কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে, বিনা কারণে কিংবা প্রমাণ ছাড়াই লোকজনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী এ ধরনের কাজ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ১৯৫১ সালের শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন, ২০০০ সালের জাতিসংঘ মানব পাচার প্রতিরোধ প্রটোকল এবং আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত নীতিমালার আলোকে পুশ-ইনকে অবৈধ ও অমানবিক হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে এ সমস্যাটি শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং কূটনৈতিক আলোচনার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ।
মানব পাচার রোধ ও পুশ-ইন বন্ধে কয়েকটি বিষয় অত্যন্ত জরুরি।
প্রথমত, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াতে হবে। নজরদারির জন্য আধুনিক প্রযুক্তি, ড্রোন, সিসি ক্যামেরা, সেন্সরযুক্ত যন্ত্রপাতিও ব্যবহার করা যেতে পারে।
দ্বিতীয়ত, পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। কিন্তু শুধু ছোট দালাল নয়, তাদের মূল গডফাদারদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
তৃতীয়ত, সীমান্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা ছাড়া মানব পাচার ঠেকানো সম্ভব নয়। ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, ক্ষুদ্র শিল্প ও কৃষি খাতে সহায়তা দিলে সাধারণ মানুষ পাচারকারীদের প্রলোভনে পড়বে না।
চতুর্থত, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সনদ অনুযায়ী ভারত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে হবে। সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জরুরি। শুধু পতাকা বৈঠক নয়, উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান বাড়াতে হবে। পুশ-ইন বন্ধে দ্বিপাক্ষিক চুক্তি এবং সেটির কঠোর বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামাজিক সচেতনতা। পরিবার ও সমাজকে বুঝতে হবে, পাচার হওয়া নারী বা শিশু কোনো অপরাধী নয়, তারা ভুক্তভোগী। সমাজ যদি তাদের প্রতি সহানুভূতিশীল না হয়, তবে পাচারের শিকাররা আরও বেশি অসহায় হয়ে পড়বে। গণমাধ্যম, এনজিও, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে এই সচেতনতা তৈরির জন্য।
বাংলাদেশ-ভারত সীমান্ত শুধু ভৌগোলিক সীমানা নয়; এটি সংস্কৃতি, অর্থনীতি, ইতিহাস এবং মানুষের ভাগ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই মানব পাচার ও পুশ-ইন বন্ধ করা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, এটি জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। রাষ্ট্রীয় পর্যায়ে আন্তরিকতা, আন্তর্জাতিক সহযোগিতা, সামাজিক সচেতনতা এবং অর্থনৈতিক বিকল্প ব্যবস্থা, এই চারটি দিক নিশ্চিত করা গেলে সীমান্ত অঞ্চলকে নিরাপদ করা সম্ভব। অন্যথায় সীমান্তের মানুষকে অনিশ্চয়তা, আতঙ্ক ও মানবিক বিপর্যয়ের মধ্যেই বেঁচে থাকতে বাধ্য হবে।
লেখক: গণমাধ্যম কর্মী
মন্তব্য করুন