
বিনোদন ডেস্ক: কয়েক দিন ধরেই নানা কারণে আলোচনায় রয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেয়া একটি আবেগঘন পোস্ট ঘিরে শুরু হয় নতুন বিতর্ক।
সোমবার (১৯ জানুয়ারি) নেহা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন। পোস্টে তিনি জানান, ‘তিনি দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে বিরতি নিচ্ছেন। এই বিবৃতিতে সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।’ যদিও পোস্টটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন তিনি।
পোস্টটি করার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নেহা কক্কর ও তার স্বামী রোহান প্রীত সিংয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন। অনেকের মনেই প্রশ্ন জাগে হয়তো সম্পর্কের টানাপড়েনের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছেন গায়িকা।
ডিভোর্সের এই জল্পনা স্পষ্ট ভাষায় উড়িয়ে দিয়ে নেহা কক্কর আরেকটি পোস্টে জানান, ‘দয়া করে আমার নিরীহ স্বামী এবং পরিবারকে এই বিষয়ে টানবেন না। পরিবার আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা। তাদের ভালোবাসা আর সমর্থনেই আমি আজ এই অবস্থানে পৌঁছেছি।’
তবে মানসিক অস্থিরতার বিষয়টি অস্বীকার করেননি গায়িকা। নেহার কথায়, কিছু মানুষ এবং একটি নির্দিষ্ট সিস্টেম ওপর তিনি ক্ষুব্ধ ছিলেন যার জেরেই মানসিকভাবে ভেঙে পড়েন।
এদিকে, নেহার আবেগঘন ওই পোস্টকে ঘিরে নানা মহলে যে কটাক্ষ শুরু হয় সেটি নিয়ে নেহা জানান, আমি একটা বিষয়ে আপনাদের সঙ্গে একমত যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় আমার এত আবেগপ্রবণ হওয়া উচিত নয়। কারণ, মিডিয়ার লোকেরা খুব ভালো করেই জানে কীভাবে ছোট জিনিসকে বড় বানানো যায়। আমি বিষয়টা থেকে শিক্ষা নিয়েছি। তবে আমি শীঘ্রই আবার ফিরে আসব।’
উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পায় নেহা ও তার ভাই টনি কক্করের গান ‘ললিপপ’। সেই গান ও গানের কিছু দৃশ্যের জন্য কটাক্ষের মুখে পড়েন নেহা। গানটিকে অশালীন ও অভদ্র বলে দাবি করেন অনেকে।
মন্তব্য করুন