
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল।
সভায় ডিআইজি মোঃ রেজাউল হক বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারির আগে ও পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের তিন দিন অধিকাংশ পুলিশ সদস্য ভোটকেন্দ্র ও মাঠপর্যায়ের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবে। এ সময় চুরি, ছিনতাইসহ কিছু অপরাধের ঝুঁকি বেড়ে যেতে পারে। এজন্য সাধারণ মানুষকে সচেতন করা জরুরি।
সবাই যেন নিজেদের অতি মূল্যবান জিনিসপত্র নিরাপদে সংরক্ষণ করেন, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
ডিআইজি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক সময়ে অতিরিক্ত ব্যাংক লেনদেন, সন্দেহজনক আর্থিক কার্যক্রম কিংবা অবৈধ লেনদেনের ঘটনা নজরে এলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করছি। একই সঙ্গে চোরাকারবারী ও অপরাধী চক্র এই সময়ে বেশি সক্রিয় থাকে। তাদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব চিত্র, নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।


মন্তব্য করুন