কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া একটি নতুন মডেলের সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ে রহস্য দেখা দিয়েছে।
সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার কালিগঞ্জ-শ্যামনগর সড়কের কলেজের সামনে থেকে মালিকবিহীন অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সমাজকর্মী ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু জানান, সোমবার রাতে সাতক্ষীরা– ল ১৩–৮৩১০ নম্বরের মোটরসাইকেলটি দেখতে পান স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান। তিনি কালীগঞ্জ কলেজ সংলগ্ন এলাকায় একটি কলার দোকান পরিচালনা করেন। দোকান বন্ধ করার সময় তিনি রাস্তার পাশে একটি নতুন মডেলের মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব না দিলেও আশপাশে কাউকে না দেখে বিষয়টি তার নজরে আসে। মোটরসাইকেলটি পড়ে ছিল। এতে আব্দুর রহমানের মনে সন্দেহ জাগে। বিষয়টি তিনি স্থানীয় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল ইসলামকে অবহিত করেন।
কুশুলিয়া ইউপি সদস্য খায়রুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি দেখেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সকলের সম্মতিক্রমে মোটরসাইকেলটি কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে মোটরসাইকেলটি থানায় জমা দেওয়া হয়েছে। বাইকের নিবন্ধন নম্বর রয়েছে। সেই নম্বরের সূত্র ধরে প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। কেন এবং কী কারণে মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল সেটিও তদন্ত করে দেখা হবে।
এদিকে হঠাৎ করে ব্যস্ত সড়কের পাশে একটি প্রায় নতুন মোটরসাইকেল পড়ে থাকার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা–কল্পনা। কেউ বলছেন, হয়তো কোনো দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে ফেলে রেখে পালিয়েছে কেউ। আবার কারও ধারণা, কোনো অজানা ঘটনার সূত্র লুকিয়ে থাকতে পারে এই মোটরসাইকেলের মধ্যেই।

মন্তব্য করুন