সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে অনিমেষ পরমান্য (৫০) নামে এক কৃত্রিম প্রজনন (এআই) কর্মীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুষ্কৃতিকারীরা। গত শনিবার (২ মে) সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রীর মোবাইলে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
নিখোঁজ অনিমেষ পরমান্য উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে। এ ঘটনায় তার ভাই প্রিয়নাথ পরমান্য শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে একটি পশু চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও অনিমেষের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সন্ধ্যায় তার মোবাইল নম্বর থেকেই অজ্ঞাত ব্যক্তি ফোন করে তাকে জিম্মি করার বিষয়টি জানিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি কাউকে না জানানোর জন্যও হুমকি দেওয়া হয়।
প্রিয়নাথ পরমান্য জানান, রাত ১০টার দিকে থানায় জিডি করার পর পুলিশ রাতেই উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালায়। তবে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে অনিমেষের ভাইপো সুব্রত পরমান্য দাবি করেন, জমি কেনাবেচা সংক্রান্ত অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে।
তিনি জানান, রোববার অনিমেষ ও প্রতিবেশী খলিল হোসেন যৌথভাবে প্রায় সাড়ে ২২ লাখ টাকায় একটি জমি কেনার কথা ছিল। এ সংক্রান্ত দলিল চূড়ান্ত করতে আগের দিন শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল তার।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস বলেন, অনিমেষ পরমান্য কৈখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃত্রিম প্রজনন কর্মী। তার নিখোঁজ হওয়ার ঘটনায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং তাকে দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
অন্যদিকে, খলিল হোসেনের ভাষ্য, তারা তিনজন মিলে সাড়ে ২২ লাখ টাকায় একটি জমি কিনতে চেয়েছিলেন। স্থানীয় দালাল আমানত গাজীকে সঙ্গে নিয়ে অনিমেষকে শনিবার দুপুরের আগে শ্যামনগর যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে অপহরণ করার কারণে আজ রোববার জমি রেজিস্ট্রি হচ্ছে না। তবে অনিমেষ অপহরণের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততার কথা তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত ব্যক্তিকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-প্রযুক্তি ব্যবহারসহ গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আশাবাদী, খুব দ্রুত সময়ের মধ্যেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
মন্তব্য করুন