পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনায় পাইকগাছার দুটি উন্নয়ন প্রকল্পের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি সোমবার (৪ মে) দুপুরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে উপজেলা সদরের টিটিসি সংলগ্ন পাইকগাছা কয়রা সড়কের পশ্চিম পাশে শিববাটী মৌজার সম্ভাব্য এক একর আয়তনের একটি জায়গা পরিদর্শন করেন।
এরপর তিনি শিববাটী ব্রীজ সংলগ্ন কাটাখালী সড়কের দক্ষিণ পাশে স্মরণখালী মৌজায় ৫’শ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণকৃত দুই একর জায়গা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, মুজাহিদ, তামিম রায়হান ও আল মামুন।
এসময় এমপি আবুল কালাম আজাদ বলেন, প্রায় ১০০ কিলোমিটার দুরত্বের কারণে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে কোথাও ত্রুটি কিংবা সমস্যা দেখা দিলে পুনরায় সংযোগ স্থাপন বিলম্বিত হয়। গ্রীড উপকেন্দ্র না থাকায় প্রতিনিয়ত এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রীড উপকেন্দ্র চালু হলে আগামীতে পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন ঘাটতি থাকবে না এবং সরবরাহ স্বাভাবিক হবে। অন্যদিকে কয়রার মতো পাইকগাছায়ও একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং দেশের যেসব উপজেলায় ফায়ার সার্ভিস নাই, এ ধরনের ২৯টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে এমনটাই আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে বলে জানান।
মন্তব্য করুন