ডেস্ক রিপোর্ট: অনুসন্ধানী সাংবাদিকতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নিজের ভেতরের তাড়না ও লোভকে নিয়ন্ত্রণ করা। এ মন্তব্য করেছেন সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। তিনি বলেন, যখন একটি ভালো রিপোর্ট বা শক্তিশালী অনুসন্ধানী তথ্য সাংবাদিকদের হাতে আসে, তখন প্রথম কাজই হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। শুক্রবার রাজধানীর র্যাডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাহেদ মুহাম্মদ আলী বলেন, ‘আমাদের কাছে যখন একটা ভালো রিপোর্ট আসে, ভালো ইনভেস্টিগেশন, প্রথম হচ্ছে যে, আমাদের লোভ সংবরণ করতে হয়। যে যত বেশি লোভটা কন্ট্রোল করতে পারে, ব্যালেন্স তৈরি করতে পারে, তার জন্য তত সহজ।’
তিনি বলেন, কোনো অনুসন্ধান যখন অত্যন্ত স্পর্শকাতর বা ডেলিকেট হয়ে ওঠে, তখন প্রকাশের সময় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কৌশল হয়ে দাঁড়ায়। তার ভাষায়, ‘যখন বেশি ডেলিকেট হয়ে যায় তখন আমরা টাইম সিলেক্ট করি যে, কোন টাইম আমার জন্য সবচেয়ে কম রিস্ক তৈরি করবে। টাইমিংটা আমার কাছে সবসময় মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যেসব চ্যালেঞ্জের কথা আমরা শুনি, সেগুলোকে মিনিমাইজ করার জন্য অথবা সেগুলোর ইফেক্টটা একটু কমিয়ে আনার জন্য সময় নির্বাচন গুরুত্বপূর্ণ।’
অনুসন্ধানী সাংবাদিকতায় দলগত কাজের গুরুত্ব তুলে ধরেন সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী
অনুসন্ধানী সাংবাদিকতায় দলগত কাজের গুরুত্ব তুলে ধরেন সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী
সমকাল সম্পাদক বলেন, ‘এই সময় নির্বাচন করতে গিয়ে শুধু নিউজরুমের ভেতরের প্রস্তুতি যথেষ্ট নয়; স্টোরির সঙ্গে সংশ্লিষ্ট এবং স্টোরির বাইরের বিভিন্ন পক্ষের গতিবিধিও পর্যবেক্ষণে রাখতে হয়। নিউজের বাইরে, পত্রিকার বাইরে আরও কিছু যোগাযোগ স্থাপন করতে হয়। যেই অ্যাক্টরগুলো থাকে স্টোরির সঙ্গে এবং স্টোরির বাইরে। যেখান পর্যন্ত আমরা রিচ করতে পারি না, কিন্তু আমরা অনুমান করতে পারি যে, এইসব অ্যাক্টর আছেন। তাদের গতিবিধিও আমাদের নজরদারিতে রাখতে হয়।’
অনেক ক্ষেত্রে প্রতিক্রিয়ার মাত্রা কমিয়ে আনার জন্যও কিছু কৌশল নিতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে অনেক কাউকে আমাদের সঙ্গে রাখার চেষ্টা করতে হয়, যেন অন্তত রিঅ্যাকশনের সময় একটু দয়ামায়া দেখায়।’
বড় অনুসন্ধানী প্রতিবেদনে হুট করে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নিউজরুমগুলোতে এখন ছোট ছোট দৈনন্দিন রিপোর্টের মধ্যেই অনুসন্ধানী চর্চা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ‘আমরা নিউজরুমে যেটা প্র্যাকটিস করার চেষ্টা করি সেটা হচ্ছে, দৈনন্দিন স্টোরিতে ছোট কুইক ইনভেস্টিগেশন অ্যাডাপ্ট কীভাবে করা যায়। এর মাধ্যমে একটা হ্যাবিট তৈরি হয়, যেন বড় ইনভেস্টিগেশনে যাওয়ার সাহস তৈরি হয়। পুরো নিউজরুমের মধ্যে অন্তত কয়েকজন মানুষ তৈরি হয়, যারা ধীরে ধীরে বড় ইনভেস্টিগেশন করার জন্য প্রস্তুত হতে থাকে’ বলেন তিনি।
অনুসন্ধানী সাংবাদিকতায় দলগত কাজের গুরুত্ব তুলে ধরে শাহেদ মুহাম্মদ আলী বলেন, এখন আর একা বড় অনুসন্ধান করা প্রায় অসম্ভব। ‘করাপশন একটা প্রক্রিয়া, এটা একটা নেটওয়ার্ক এবং এটা একটা সংস্কৃতি। যারা এই করাপশনের সঙ্গে যুক্ত, তারা অনেক বড় জোট। সেই জোটের বিরুদ্ধে আপনি একা ফাইট করতে পারবেন না।’
তিনি বলেন, রিপোর্টারদের মধ্যে সহযোগিতার সংস্কৃতি তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ। রিপোর্টাররা সাধারণত কোলাবোরেশনটা সহজে করতে চান না। এটা যেমন সত্যি, তেমনি কোলাবোরেশনের সময় ইনফরমেশন লিকেজের ঝুঁকিও থাকে। কিন্তু আমি মনে করি, বড় করাপশন বা বড় ইনভেস্টিগেশন করতে গেলে একা করার সুযোগ এখন আর খুব বেশি নেই। দুই-তিনজনকে নিয়ে ছোট টিম করে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, একটি বড় অনুসন্ধানী প্রতিবেদন কীভাবে উপস্থাপন করা হবে, কতটুকু প্রকাশ করা হবে,সেটিও ঝুঁকির মাত্রা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। আমি একটা খুব বড় ইনভেস্টিগেশন করলাম, কিন্তু আমি কীভাবে এটাকে প্রেজেন্ট করব এবং কতটুকু এক্সপোজ করব, সেটাও আমাকে সিদ্ধান্ত নিতে হয় ঝুঁকির মাত্রা বিবেচনা করে।
নিজের পেশাগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে সমকাল সম্পাদক বলেন, আমি যে এখন সমকালে এক বছরের বেশি সময় ধরে আছি, এখন পর্যন্ত আমি সৌভাগ্যবান যে, সমকাল যেসব ফিনান্সিয়াল করাপশন নিয়ে নিউজ করে, বিশেষ করে ব্যাংক রিলেটেড এবং বড় যেসব গ্রুপ এসব করাপশনে যুক্ত- এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কোনো বাধা পাইনি।
এর আগে দীর্ঘ সময় প্রথম আলোতে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, ‘আমি আরও লাকি যে, আমি অনেক লম্বা সময় প্রথম আলোতে ছিলাম। সেখানে এই ধরনের বাধা তুলনামূলক কম এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলার ইকুইপমেন্টও অনেক বেশি।’
ভবিষ্যত নিয়ে আশাবাদী শাহেদ মুহাম্মদ আলী বলেন, ‘আমি এখনও এ রকম বাধামুক্ত আছি। আশা করি, ভবিষ্যতেও আমরা এটা কন্টিনিউ করতে পারব।’
মন্তব্য করুন