২০০৯ সালের ২৫ মে। বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবনে এক বিভীষিকাময় দিন। সেদিন আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঘূর্ণিঝড় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ জলোচ্ছ্বাস সৃষ্টি করে। এতে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনাসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় লবণাক্ত পানিতে।
সরকারি হিসাব অনুযায়ী, আইলায় বাংলাদেশে অন্তত ১৯০ জন মানুষের মৃত্যু হয় এবং ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৪৫ লাখ মানুষ। প্রায় ৫ লাখ ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত হয়। ১ হাজার ৭৪০ কিলোমিটারেরও বেশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে নদীর লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে দীর্ঘমেয়াদি মানবিক বিপর্যয় তৈরি করে।
আইলার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে। শ্যামনগর, কয়রা, আশাশুনি ও দাকোপের বহু এলাকা মাসের পর মাস পানির নিচে ছিল। অনেক পরিবার বছরের পর বছর রাস্তার ওপর, বাঁধের পাশে কিংবা অস্থায়ী আশ্রয়ে বসবাস করেছে। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের অসংখ্য মানুষ স্থানান্তরিত হয়ে শহরে বা বসবাসযোগ্য স্থানে চলে গেছে। সেই ধারাবাহিকতা জীবিকার তাগিদে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে উপকূল ছাড়ছে অসংখ্য মানুষ।
আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, আইলার পর বহু পরিবার জীবিকার সন্ধানে শহরমুখী হয়।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আইলার কারণে ১ লাখ হেক্টরের বেশি কৃষিজমি লবণাক্ত পানিতে নষ্ট হয়ে যায়। ধান, সবজি ও ফলমূলের উৎপাদন ভয়াবহভাবে কমে যায়। হাজার হাজার মিঠাপানির পুকুর ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। নিরাপদ খাবার পানির সংকটে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে।
মৎস্য ও চিংড়ি খাতেও আইলার প্রভাব ছিল ব্যাপক। উপকূলীয় অঞ্চলের হাজার হাজার ঘের ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনসংলগ্ন এলাকায় মাছ, কাঁকড়া ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল মানুষের আয় বন্ধ হয়ে যায়। জলবায়ু উদ্বাস্তু শব্দটি তখন নতুনভাবে আলোচনায় আসে।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থাও সতর্ক করেছে, কার্যকর অভিযোজন ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় মানবিক সংকট তৈরি হতে পারে।
সীমাহীন দুর্ভোগের মধ্যেও উপকূলের মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবক, তরুণ সমাজ ও বিভিন্ন সংগঠন দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। নতুন করে ঘর উঠেছে, মানুষ আবার জমিতে ফসল ফলানোর চেষ্টা করেছে।
তবে নিরাপদ আশ্রয়কেন্দ্র ও বিশুদ্ধ পানির সংকট এখনও বাস্তবতা। সেই সাথে প্রয়োজন টেকসই বিকল্প কর্মসংস্থান এবং সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমানো। তাই শুধু দুর্যোগের সময় ত্রাণ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, টেকসই অবকাঠামো, বিকল্প জীবিকা ও জলবায়ু সহনশীল উন্নয়ন। কার্যকর টেকসই অভিযোজন ব্যবস্থা গ্রহণ করতে না পারলে অদূর ভবিষ্যতে আইলার মতো আরেকটি দুর্যোগ উপকূলবাসীকে মোকাবেলা করতে হলে মানবিক বিপর্যয় ঠেকানো কঠিন হবে।
লেখক: প্রতিষ্ঠাতা, আইসিডি
asikuzzaman174@gmail.com
মন্তব্য করুন