শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিন ধরে চলমান অনিয়মিত ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকালে শ্যামনগর পৌর শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় শ্যামনগর উপজেলাবাসীর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে নিরাপদ উপকূল চাই-নিউচার সভাপতি মোঃ মোমিনূর রহমান, সিডিও পরিচালক গাজী আল ইমরান, উপকূলীয় যুব উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ জাহিদ হোসেন, ভুরুলিয়া ইয়ুথ সোসাইটির পরিচালক রুহুল আমিন, সমাজসেবক মনিরুল ইসলাম মনির, সিডিও’র মোঃ হাফিজুর রহমান হাফিজ, শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম, হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার পরিচালক হাবিবুর রহমান, শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক, হাফেজ তৌহিদ, আনোয়ারুল ইসলাম আঙুর প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, গ্রীষ্মকালের শুরুতেই শ্যামনগর পৌরসভাসহ গ্রামাঞ্চলে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এ সময় তারা বিদ্যুতের ভুতুড়ে বিল তৈরি বন্ধ, পাওয়ার স্টেশন ৩৩ কেভি থেকে ১০০ কেভিতে উন্নত করা, বিদ্যুৎ অফিসে মিটার নবায়ন ও পুনঃস্থাপনের নাম অনৈতিক বাণিজ্য বন্ধ করা, গ্রাহক সেবার মান বাড়াতে ২৪/৭ প্রতিটি জোনে গ্রাহক সেবার জন্য হটলাইন চালু ও পেশাদারী আচরণ এর মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু, সাধারণ গ্রাহকদের হয়রানি বন্ধ, কার্যালয় দালালমুক্ত করাসহ পাঁচটি দাবি জানান। এর পাশাপাশি তারা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিদিন অসংখ্যবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ এবং বিভিন্ন অফিস-আদালতের কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে শিশু, বয়স্ক ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা বলেন, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও শ্যামনগর পল্লী বিদ্যুৎ সমিতির অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে গ্রাহকরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় পূর্ব ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, অথচ গ্রাহকদের অভিযোগেরও সঠিক সমাধান পাওয়া যায় না।
মানববন্ধনে বক্তারা দ্রুত বিদ্যুৎ বিভ্রাটের কারণ নিরসন, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধন থেকে সাত কর্মদিবসের মধ্যে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম)-কে প্রত্যাহার বা অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।
লোডশেডিং সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিয়াউল হক বলেছেন, শ্যামনগর উপজেলায় বর্তমানে প্রায় পৌনে এক লাখ গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা প্রায় ২২ মেগাওয়াট এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহও পাওয়া যাচ্ছে। তবে শ্যামনগরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ লাইনের ওপর নির্ভরশীল হওয়ায় প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে প্রায়ই লাইন ফল্টের ঘটনা ঘটে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়।
তিনি আরও বলেছেন, সম্প্রতি বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। এছাড়া সাতক্ষীরা-ভেটখালী সড়কে চলমান উন্নয়নকাজের কারণে অনেক ক্ষেত্রে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং মেরামত কার্যক্রম পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে ত্রুটি শনাক্ত ও মেরামতের চেষ্টা করছেন।
সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে তিনি বলেছেন, কালিগঞ্জ ও শ্যামনগরের মধ্যবর্তী স্থানে একটি গ্রিড উপকেন্দ্র স্থাপন করা হলে দীর্ঘ সঞ্চালন লাইনের ওপর নির্ভরশীলতা কমবে। এতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং লোডশেডিং ও লাইন ফল্টজনিত ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আমরা আশা প্রকাশ করেছেন তিনি।
মন্তব্য করুন