
এমএ মামুন, দেবহাটা: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপির কর্মকর্তারা।
পূজার প্রতিদিনই জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।
পরিদর্শনকালে তারা পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, দায়িত্বরত আনসার সদস্যদের কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ সময় তারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
অন্যদিকে, দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং দায়িত্বরত আনসার সদস্যদের খোঁজখবর নেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ, উপজেলা প্রশিক্ষিকা বৈশাখী মণ্ডল, উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার নূর হোসেন এবং সখিপুর ইউনিয়ন দলনেতা রায়হান বাবু।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন