কালিগঞ্জ প্রতিনিধি: মেধা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধকে উৎসাহিত করার পাশাপাশি গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ বন্দকাটি গোলক্লাব মাঠে ব্যতিক্রমধর্মী সু-সন্তান পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে।
একইসঙ্গে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।
রবিবার (৩১ মে) বিকেল ৪টায় আস্থা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সিরাজিয়া পারভেজ টুটুলের সভাপতিত্বে ও কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। তিনি বলেন, বর্তমান সমাজে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয়ের মধ্যে সু-সন্তানদের স্বীকৃতি প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চায় আরও উৎসাহিত করবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, যে সন্তান পরিবার, সমাজ ও দেশের জন্য গর্বের কারণ হয়ে ওঠে, তাদের সম্মানিত করা অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে অন্যরাও ভালো কাজে অনুপ্রাণিত হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আস্থা গ্রুপের চেয়ারম্যান ফারজানা রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্ছু এবং কালিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান পল্টু। আরও বক্তব্য দেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল আলিম রাজ তাপস, সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি মাও. ইউনুস আলী, ধর্মীয় আলোচক মাও. মিজানুর রহমান, ইউপি সদস্য আব্দুস সালাম, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য লাইলি পারভীন, পূর্ণিমা রানী মণ্ডল, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও নৈতিক মূল্যবোধে বিশেষ অবদান রাখা শিক্ষার্থী এবং ৯ জন সু-সন্তানকে সেলাই মেশিন, সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কয়েকজন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পরে শুরু হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। লাঠিয়ালদের চমৎকার কসরত, নিপুণ কৌশল ও মনোমুগ্ধকর পরিবেশনা মাঠজুড়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেন বাংলার শতবর্ষী এই লোকজ ঐতিহ্য।
মন্তব্য করুন