উপকূলীয় প্রতিনিধি: উপকূলের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার প্রত্যয়ে বেসরকারি সংস্থা লিডার্সের উদ্যোগে শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা।
লিডার্সের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান।
লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক শামিম হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির ও সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাসুম বিল্লাহ।
ঈদের শুভেচ্ছা বিনিময় পর্বে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক ঐক্যের বার্তা বহন করে। সমাজের উন্নয়ন ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে লিডার্স দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক মূল্যবোধ রক্ষা, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা এবং মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের এক পর্যায়ে অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন