
ডেস্ক রিপোর্ট: ‘জয় অব ইনোভেশন’ শীর্ষক বার্ষিক বিজ্ঞান মেলা ২০২৬-এ ‘নবায়নযোগ্য শক্তি উৎপাদন’ প্রকল্প উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়েছে হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের ‘দোয়েল স্কুল’।
রাজধানীর বসুন্ধরা আগা খান একাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় ১২টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বিজ্ঞান মেলার মূল লক্ষ্য প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও পরিবেশবিষয়ক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করা।
মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। এর মধ্য থেকে দোয়েল স্কুলের ‘নবায়নযোগ্য শক্তি উৎপাদন’ প্রকল্পটি সেরা নির্বাচিত হয়।
হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন ২০১৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করছে। সংস্থাটি ঢাকার রায়েরবাজার ও মিরপুরে দুটি স্কুল পরিচালনা করছে। এসব স্কুলে প্রায় ২৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে। এ ছাড়া ফাউন্ডেশনটি দেশজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
দোয়েল স্কুলের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, দোয়েল স্কুলের এই অর্জন সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। এ সাফল্য শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা এবং নতুন কিছু উদ্ভাবনে আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


মন্তব্য করুন