
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম এমদাদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সোলায়মান হোসাইন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া এবং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার।

মন্তব্য করুন