
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হলে বর্তমান রাজনৈতিক শক্তিগুলোকেও কঠিন পরিণতির মুখোমুখি হতে হতে পারে।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ইজ্জত উল্লাহ বলেন, বাংলাদেশের জনগণ কোনো রাজনৈতিক দলের স্থায়ী সম্পদ নয়। জনগণ যখন প্রয়োজন মনে করেছে, তখন গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করেছে।
তাই বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক শক্তিরই ভাবতে হবে-আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, যদি চাঁদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে দেশ পরিচালনা করতে চাই, তাহলে আমাদের পরিণতিও কী হবে, তা ভেবে দেখা দরকার।
তিনি বলেন, তাদের (বিগত সরকারের) হয়তো যাওয়ার জায়গা আছে, কিন্তু বিএনপি-জামায়াতের সেই সুযোগ নেই। তাই আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে ইজ্জত উল্লাহ বলেন, প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা কঠিন হবে। ফলে প্রকৃত বাজেট ঘাটতি ৩ লাখ কোটি টাকারও বেশি হতে পারে। এর মধ্যে প্রায় ১ লাখ ২৭ হাজার কোটি টাকা শুধু ঋণের সুদ পরিশোধেই ব্যয় হবে।
তিনি বলেন, আমরা প্রতি বছর প্রায় ৩ লাখ কোটি টাকা ঋণ নিচ্ছি। ২০০৯ সালে দেশের মোট ঋণ ছিল প্রায় পৌনে ৩ লাখ কোটি টাকা। ২০২৬ সালে এসে তা ৩০ লাখ কোটি টাকায় পৌঁছেছে। একই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে দেশের অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে।
ব্যাংকিং খাতের সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকার বেশি। এই পরিস্থিতিতে ব্যাংকগুলো কীভাবে নতুন ঋণ দেবে, সেটি বড় প্রশ্ন। ব্যাংক ঋণ দিতে না পারলে সরকারকে বিকল্প উৎস খুঁজতে হবে, যা মুদ্রাস্ফীতির ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।
তিনি মন্তব্য করেন, ঋণ করে ঘি-ভাত খাওয়ার মতো অর্থনৈতিক নীতি দীর্ঘমেয়াদে দেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সরকারি দলের সদস্যদের উদ্দেশে ইজ্জত উল্লাহ বলেন, বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে নেওয়া উচিত। একটি বাজেট সংসদে উপস্থাপনের পর সেটি নিয়ে আলোচনা, পর্যালোচনা ও সংশোধনের সুযোগ থাকা প্রয়োজন।
তিনি বলেন, সরকারি ও বিরোধী দল মিলেই সংসদ। বিরোধী দলীয় নেতাকে মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে, কারণ তিনি রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়ারই একটি অংশ। তাই আমাদের অসহিষ্ণু হলে চলবে না। জনগণের চাহিদা পূরণ ও দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মন্তব্য করুন