
ডেস্ক রিপোর্ট: ‘মাদকাসক্ত ঐশী হত্যা করেছিল পুলিশ কর্মকর্তা বাবাকে। রমিছাকে হত্যা করেছিল মাদকাসক্ত সোহেল। প্রতিদিনই কোনো না কোনো বাবা মা থানায় অভিযোগ করছে মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে। মাদক আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে দিচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মাদক বিরোধী কমিটি গঠন করতে হবে।
শুক্রবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ রীমু সরণির পোস্ট অফিস মোড়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভার বক্তারা এই আহবান জানান।
বন্ধুসভার সদস্যরা ছাড়াও মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়াবিদ, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা ইউনিটের সভাপতি মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, উদীচী সাতক্ষীরা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম, বন্ধুসভার রাহাতুল ইসলাম, করিমন নেছা, গোলাম হোসেন, হৃদয় মন্ডল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরা জেলার প্রায় প্রতিটি মোড়ে মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা কোমলপতি শিক্ষার্থীদের কাছে এসব বিক্রি করছে। মাদকের কারণে সংসার ভেঙ্গে যাচ্ছে। মাদকসেবী ছেলে বাবা-মাকে মারপিট করছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালালেও মাদকের ভয়াবহতা কমছে না।
মানববন্ধন থেকে মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
মন্তব্য করুন