
বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দীন সরদার (৪৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
শুক্রবার (২৬ জুন ) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল গদখালী বাজারের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী সাহাব উদ্দীন সরদারকে থামিয়ে তল্লাশি চালালে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালসহ সর্বমোট সিজার মূল্য ২ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ১৫০ টাকা।
স্বর্ণের বারগুলো ছাড়াও তার কাছ থেকে চোরাচালানে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাহাব উদ্দিন জানায়, সে ঢাকার সায়দাবাদ এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। এরপর ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তাকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন