
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তৈরি হওয়া সমস্ত সমীকরণ ও জল্পনা-কল্পনার অবসান ঘটল এক রুদ্ধশ্বাস ড্রয়ের মাধ্যমে। রোববার ভোরে কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়া ৩-৩ গোলে ড্র করেছে।
আর এই ড্রয়ের ফলে মাঠের দুই দলই একসাথে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২) নিশ্চিত করেছে, অন্যদিকে টুর্নামেন্ট থেকে নির্মমভাবে বিদায় ছিটকে গেছে ইরান।
ম্যাচে আলজেরিয়ার হয়ে বেলঘালি একটি এবং রিয়াদ মাহরেজ জোড়া গোল করেন।
অস্ট্রিয়ার হয়ে গোল তিনটি করেন আরনৌতোভিচ, সাবিৎজার এবং কালাচিজ। ম্যাচের শেষ মুহূর্তটি ছিল চরম উত্তেজনাপূর্ণ।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৪৮ মিনিটে) মাহরেজ গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি; ঠিক পরের মিনিটেই কালাচিজের দুর্দান্ত গোলে সমতায় ফেরে অস্ট্রিয়া।
ম্যাচ শেষে দুই দলই মেতে ওঠে নকআউটে ওঠার উল্লাসে।
এই ফলাফলের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া আলজেরিয়া পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। অন্যদিকে, রানার্সআপ হওয়া অস্ট্রিয়া খেলবে শক্তিশালী স্পেনের বিপক্ষে। তবে এই দুই দলের ড্রয়ের ফলে কপাল পুড়েছে ইরানের। সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের তালিকায় থাকতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো এশিয়ান পরাশক্তিদের।
শনিবার ভোরে মিশরের বিপক্ষে একদম শেষ মুহূর্তে মিলিমিটারের ব্যবধানে অফসাইডের কারণে গোল বাতিলের চরম নাটকীয়তার পর থেকেই ইরান অপেক্ষায় ছিল অলৌকিক কিছুর। পরবর্তী পর্বে যেতে তাদের সামনে তিনটি সমীকরণ ছিল, যার অন্তত একটি মেলা জরুরি ছিল:
১. ঘানা যেন ক্রোয়েশিয়াকে হারায় (যেটিতে ঘানা হেরে গেছে)।
২. ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো যেন উজবেকিস্তানের বিপক্ষে জিততে না পারে (যেটিতে কঙ্গো জিতে গেছে)।
৩. আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচের যেকোনো এক দলকে জিততে হতো।
আজকে ম্যাচের ৫০ মিনিট পর্যন্তও ৩-২ ব্যবধানে আলজেরিয়া এগিয়ে থাকায় ইরানের আশা বেঁচে ছিল। কিন্তু শেষ মুহূর্তে অস্ট্রিয়ার সমতাসূচক গোলটি ইরানের নকআউটের শেষ প্রদীপটিও নিভিয়ে দেয়।
খেলার মাঠের এই ট্র্যাজেডি ছাড়াও এবারের বিশ্বকাপে মাঠের বাইরে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে ইরানি দলকে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কঠোর বিধিনিষেধের কারণে পুরো টুর্নামেন্ট জুড়েই চরম ভোগান্তিতে ছিল পুরো দল।
প্রথম দুই রাউন্ডে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে ইরানি প্রতিনিধি দলকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই তাদের আবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বেস ক্যাম্প ছেড়ে মেক্সিকোতে ফিরে যেতে বাধ্য করা হয়।
পরবর্তীতে তৃতীয় রাউন্ডে মিশরের বিপক্ষে ম্যাচের আগে এই নিয়মে কিছুটা শিথিলতা আনে মার্কিন প্রশাসন। সেবার ম্যাচের দুই দিন আগে দলকে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেওয়া হয়েছিল। মাঠের বাইরের রাজনৈতিক চাপ আর মাঠের ভেতরের ভাগ্যের নির্মম পরিহাস সব মিলিয়ে একরাশ হতাশা নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হলো ইরানকে।
মন্তব্য করুন