
ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই রাউন্ড অব ৩২-এর অন্যতম আলোচিত ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল ও জাপান। এই ম্যাচে দায়িত্ব পেয়েছেন ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টনের এই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করবেন তিনি। Soccer
ফিফার ঘোষিত রেফারি প্যানেল অনুযায়ী, মারিয়ানির সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন আরেক সুইস অফিসিয়াল স্টিফেন ডি আলমেইদা।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত গ্রুপ পর্বে দুটি ম্যাচ পরিচালনা করেছেন মারিয়ানি। সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন।
‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে
বিশ্বকাপের একমাত্র ইতালিয়ান মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করা মারিয়ানি ইউরোপীয় ফুটবলে পরিচিত একটি নাম হলেও তাকে ঘিরে রয়েছে বিতর্ক। সিরি আ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
২০২৪ সালে সিরি আ’তে নাপোলি–ইন্টার ম্যাচে একটি বিতর্কিত পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতেও ভিএআর সহায়তায় নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।
এর আগেও ২০২১ সালে ইন্টার ও জুভেন্টাসের ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়, যেখানে ম্যাচ শেষে ড্রেসিংরুমের টানেলে তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন ইন্টার মিলানের ফুটবলাররা।
তবে বিতর্ক থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনায় তার অভিজ্ঞতা ও নিয়ন্ত্রণ ক্ষমতার কারণে ফিফা আবারও তার ওপর আস্থা রেখেছে বলে জানা গেছে।
মারিয়ানি সর্বশেষ ইউরোপীয় প্রতিযোগিতায় ক্রিস্টাল প্যালেস ও রায়ো ভায়েকানোর মধ্যকার কনফারেন্স লিগ ফাইনালেও দায়িত্ব পালন করেছেন, যা তার আন্তর্জাতিক অভিজ্ঞতার আরেকটি বড় উদাহরণ হিসেবে মনে করা হচ্ছে।
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের এই ম্যাচ ঘিরে আগে থেকেই রয়েছে ব্যাপক উত্তেজনা। তার ওপর বিতর্কিত রেফারির ওপর ম্যাচ পরিচালনার দায়িত্ব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। Soccer
ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারের সম্ভ্যাব্য উপস্থিতি এবং ফর্মে থাকা জাপানের বিপক্ষে এই ম্যাচে তাই বাড়তি নজর থাকবে মাঠের খেলায় যেমন, তেমনি থাকবে রেফারির সিদ্ধান্তেও। সব মিলিয়ে হিউস্টনের এই ম্যাচ কেবল দুই দলের লড়াই নয়, বরং আলোচনায় থাকবেন একজন বিতর্কিত কিন্তু অভিজ্ঞ রেফারিও—মাউরিজিও মারিয়ানি।
মন্তব্য করুন