
উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবনের প্রাকৃতিক পুনর্জন্ম প্রক্রিয়া রক্ষায় নদীর চরে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সাতক্ষীরা জেলা গ্রীন কোয়ালিশন ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার নীলডুমুর বাজার থেকে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় অভিমুখে এই লংমার্চ অনুষ্ঠিত হয়।
পরে একই দাবিতে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়; এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্বের সঙ্গে জড়িত একটি প্রাকৃতিক আশ্রয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সুন্দরবনের স্বাভাবিক পুনর্জন্ম প্রক্রিয়া রক্ষা করা সময়ের দাবি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুন্দরবনের নদী ও জোয়ারের মাধ্যমে ভেসে আসা বনজ বীজ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রাকৃতিকভাবে ম্যানগ্রোভ বনায়ন সৃষ্টি করে। এসব বীজ নির্বিচারে সংগ্রহ করা হলে সুন্দরবনের স্বাভাবিক পুনর্জন্ম বাধাগ্রস্ত হয় এবং দীর্ঘমেয়াদে বনপ্রতিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব পড়ে।
এতে আরও বলা হয়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদীবেষ্টিত বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন নদী থেকে ভেসে আসা বনজ ফল ও বীজ সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছে। ফলে প্রাকৃতিকভাবে নতুন গাছ জন্মানোর সুযোগ কমে যাচ্ছে। একটি বীজের স্বাভাবিক বিকাশ বন্ধ হওয়া মানে শুধু একটি গাছের ক্ষতি নয়, বরং উপকূলের ভবিষ্যৎ নিরাপত্তার ওপর প্রভাব ফেলা।
স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধ করা, বন টহল ফাঁড়ির কর্মকর্তা, সিপিজি, ডিসিটি, ভিটিআরটি ও ভিসিএফ সদস্যদের মাধ্যমে নিয়মিত নজরদারি বৃদ্ধি, জনসচেতনতা বৃদ্ধি এবং সুন্দরবনের প্রাকৃতিক পুনর্জন্ম সংরক্ষণে স্থানীয় জনগণ ও যুব সমাজকে সম্পৃক্ত করা।
কর্মসূচিতে সাতক্ষীরা জেলা গ্রীন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুদ্দিন সিদ্দীকের নেতৃত্বে সিনিয়র সাংবাদিক ও নাগরিক নেতা কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জেলা গ্রীন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, বনজীবী নারী নেত্রী শেফালী বিবি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম, স. ম. ওসমান গনী, জান্নাতুল নাঈম, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহ-সভাপতি রাহাদ খাঁন বাপ্পাসহ স্থানীয় পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
পরে নেতৃবৃন্দ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শামছুজ্জাহান কনকের কাছেও স্মারকলিপি পেশ করেন।
মন্তব্য করুন