
বিনোদন ডেস্ক: চলতি বছরের মার্চে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার ব্যক্তিগত জীবনের নতুন সুখবর জানালেন এই অভিনেত্রী।
এবার জানালেন, তিনি মা হতে চলেছেন। একই সঙ্গে প্রকাশ্যে আনলেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও।
শুক্রবার (৪ জুলাই) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত-অনুরাগীদের এই চমক দেন অভিনেত্রী। সেখানেই প্রথমবারের মতো স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
মৌসুমীর স্বামীর নাম আবদুল ওয়াদুদ।
মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি।
জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।’
কেন এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন, সেটিও ব্যাখ্যা করেন অভিনেত্রী। তার কথায়, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। যে কারণে আজ এই কার্নিভ্যালে এসেছি। আমার কাছে মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’
এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে এবং কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে- এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বেশ আগেই তাদের বিয়ে হয়েছে। আপাতত নতুন অতিথিকে ঘিরেই সময় কাটাতে চান।
স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’
এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। তখন শোনা গিয়েছিল, পরকীয়ার জেরেই ভেঙেছে তাদের সংসার। গত বছর নভেম্বর থেকে আলাদা ছিলেন তারা।
মন্তব্য করুন