
ডেস্ক রিপোর্ট: ‘আইন হোক মানবতার, ন্যায় হোক সবার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে ২০২৬ সালে তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মোল্লা আব্দুস সোবহান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা এবং হামদ পরিবেশন করেন শিল্পী মোহররম হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম।
তিনি নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আইন পেশা কেবল জীবিকা নয়, এটি একটি মহৎ সেবা। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপনাদের দক্ষতা, সততা ও নৈতিকতার কোনো বিকল্প নেই। আইনের শাসন সুসংহত করতে এবং সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ও মানবিক ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি অ্যাডভোকেট স ম সালাউদ্দীন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ সেলিম আল আজাদ, অ্যাডভোকেট আবুবকর সিদ্দীক এবং অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা।
নবীন আইনজীবীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন ও অ্যাডভোকেট সাবিহা সুলতানা।
তারা বলেন, আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করতে পেরে আমরা গর্বিত। সিনিয়রদের দিকনির্দেশনা ও আমাদের নিষ্ঠাকে পুঁজি করে আমরা সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন