
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীন নগর গ্রামের বাঁশতলা মৎস্য সেট থেকে গোবিন্দকাটি পিয়ার আলীর দোকান অভিমুখে প্রায় ৫ কিলোমিটার ইটের সলিংয়ের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের অবহেলা এবং প্রয়োজনীয় উদ্যোগের অভাবে রাস্তাটি চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া রাস্তার দুই পাশে পানি জমে থাকায় অনেক স্থানে সড়কের অংশ ভেঙে পাশের মৎস্যঘের ও পুকুরে বিলীন হয়ে গেছে।
এলাকাবাসী জানান, চাম্পাফুল ইউনিয়নসহ আশপাশের দুই থেকে তিনটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে রাস্তার অবস্থা এতোটাই নাজুক যে অনেক ক্ষেত্রে পায়ে হেঁটেও চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, হঠাৎ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে ভ্যান বা অন্যান্য যানবাহন নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে চিকিৎসাসেবাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন কাজে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসী জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল গনি বলেন, আমি একাধিকবার চেয়ারম্যানকে রাস্তার বিষয়টি জানিয়েছি। তবে তিনি বলেছেন, বর্তমানে কোনো বরাদ্দ না থাকায় সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, রাস্তাটি কার্পেটিং করার লক্ষ্যে দুই থেকে তিনবার মাপজোক সম্পন্ন করে প্রকল্পের আইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আশা করছি, বরাদ্দ পাওয়া গেলে সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে।
মন্তব্য করুন