
এমএ মামুন, দেবহাটা: সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু আর নেই। শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে সাতক্ষীরা শহরের ইটাগাছায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৭১ সালে পারুলিয়া, আশাশুনি ও পাইকগাছা এলাকায় হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি সম্মুখসমরে অংশ নেন।
শনিবার বিকাল ৪টায় পারুলিয়ায় নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে বিকাল সাড়ে ৫টায় মাঝ পারুলিয়া ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জানাজা শেষে মোশারাফ হোসেন মশুর মরদেহ পারুলিয়ার সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সহযোদ্ধা, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন